
ডেঙ্গু ও অন্যান্য রোগের বিস্তার ঠেকাতে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে জেলা প্রশাসন। শনিবার (৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে পৌর কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। পরে সেখানে চলে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম।
জেলা প্রশাসক ড. মনিরুজ্জামানের নেতৃত্বে আয়োজিত র্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিতে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক এ.কে.এম. হেদায়েতুল ইসলাম।
অভিযানের অংশ হিসেবে রোভার স্কাউটের সদস্যরা ডিবি রোডের দুই পাশে থাকা দোকানিদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। একই সঙ্গে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা বাস টার্মিনালজুড়ে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করতে টার্মিনাল এলাকায় ফগার মেশিন দ্বারা স্প্রে করা হয়।
উল্লেখ্য, সরকারি নির্দেশনা অনুযায়ী গত ১২ সেপ্টেম্বর থেকে প্রতি শনিবার ডেঙ্গু ও অন্যান্য রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। প্রশাসনের এমন উদ্যোগে পরিচ্ছন্ন শহর গড়ার পাশাপাশি জনসচেতনতা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।